আগরতলা, ১৪ জুন, ২০২৫ঃ
বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে কাছারিবাড়িতে হামলার ঘটনায় ব্যাপক প্রতিবাদ জানাল ত্রিপুরা প্রদেশ বিজেপি। শনিবার আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনি থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়।
প্রদেশ বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক ও বিধায়ক ভগবান দাস। তিনি বলেন, “এই হামলা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উপর নয়, সমগ্র মানবজাতির সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদের উপর এক গভীর আঘাত। এই বর্বরতা বিশ্বমানবতার অপমান।”
বিজেপি নেতা ভগবান দাস বলেন, “বাংলাদেশে আজ শুধু হিন্দু মন্দির, গির্জা নয়—নজরুল ও রবীন্দ্রনাথের মতো বিশ্ববন্দিত কবিদের স্মৃতিচিহ্নও নিরাপদ নয়। এই ঘটনা চরম নৈরাজ্য ও অরাজকতার উদাহরণ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহির দাবি করি।”
ঘটনাটি ঘটেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন শাসক মহম্মদ ইউনূসের শাসনামলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারিবাড়িতে সশস্ত্র দলবল নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। কাস্টোডিয়ানের অফিস, অডিটোরিয়াম সহ বাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান সামগ্রীরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত দর্শকদের জন্য বন্ধ রাখা হয়েছে এই ঐতিহাসিক যাদুঘরটি।