খোয়াই, ২৭ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলার আশারামবাড়ি বিধানসভা এলাকায় রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের মধ্যে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সরকারের শরিক তিপ্রামথা দলের সমর্থক দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।
চাম্পাহাওর থানার অন্তর্গত একটি গ্রামের বিজেপি কর্মী-সমর্থকরা ‘মন কি বাত’ শুনতে জড়ো হয়েছিলেন। এই গ্রামটি ত্রিপুরা সরকারের বনমন্ত্রী তথা বিজেপির শরিক টিপ্রা মোথা পার্টির শীর্ষ নেতা অনিমেষ দেববর্মার বিধানসভা এলাকার অন্তর্গত।
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, হঠাৎ করে একদল তিপ্রামথা সমর্থক এসে তাদের উপর আক্রমণ চালায়। এক বিজেপি কর্মীর ভাষ্যে, “হামলা খুবই তীব্র ছিল, ওরা আমাদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেছে।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।