আগরতলা, ৬ আগস্ট ২০২৫ঃ
৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগরতলায় প্রস্তুতি চলছে জোর কদমে। সরকারি সূচি অনুযায়ী ১৩ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক কর্মসূচি। “হর ঘর তিরঙ্গা” অভিযানের অংশ হিসেবে ওই দিন সূর্যোদয়ের পর প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
১৪ আগস্ট পালন করা হবে শহর পরিচ্ছন্নতা দিবস। এইদিন আসাম রাইফেলস ময়দান, সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণ, গান্ধীঘাট ও শহীদ স্মৃতিসৌধ সহ আগরতলার বিভিন্ন স্থানে সাফাই অভিযান চালানো হবে। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানেও পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ করা হবে। একই দিন সকাল ৬টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে মহিলা ও পুরুষ বিভাগে ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন, ভোর ৫টায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের হবে। সকাল ৭টায় রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পুরসভা, গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিন সকাল ৭টায় রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর সকাল ৮টায় সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে গান্ধীঘাট এবং সকাল ৮টা ৩৫ মিনিটে লিচুবাগানে অ্যালবার্ট এক্কা পার্কে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
সকাল ৯টা ১০ মিনিটে আসাম রাইফেলস ময়দানে, যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং প্যারেড পরিদর্শন শেষে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করবেন। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা ৫টায় আগরতলা টাউন হলে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় রাজভবনে “অ্যাট হোম” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যপাল উপস্থিত থাকবেন।