আগরতলা, ৬ আগস্ট ২০২৫ঃ
টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধ। ফলে গোমতী নদীর জল বাড়তে পারে বলে সতর্ক করলো গোমতী জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১টা জলাধারের ফ্ল্যাপ গেট খুলে দেওয়া হয়েছে। গোমতী রিজার্ভয়ারের সিনিয়র ম্যানেজারের পক্ষে জানানো হয়েছে, জলাধারে নিরাপদ জলস্তর বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে ত্রিপুরায় অন্যান্য জেলার পাশাপাশি গোমতী চালাতেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বাঁধের ফ্ল্যাপ গেট খোলার ফলে গোমতী নদীতে হঠাৎ করে জলস্তর বেড়ে যেতে পারে। সেই কারণে নদীর আশপাশের এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে আগাম সতর্ক করা হয়েছে। নদীর খুব কাছাকাছি না যেতে ও কোনওরকম ঝুঁকি না নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জলসম্পদ দফতর এবং বিপর্যয় মোকাবিলা বিভাগ সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে সূত্রের খবর। নদীর পাশবর্তী অঞ্চলগুলিতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে এবং গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গোমতী নদীর পাড়বর্তী এলাকার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, কোনও ধরনের গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশ মেনে চলতে।