আগরতলা, ৬ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলার চাকমাঘাটে এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ৫ আগস্ট ভোররাতে সিমেন্ট বোঝাই একটি লরি চাকমাঘাট এলাকায় একটি গাছে ধাক্কা খেলে চালক মিহির লাল দেবনাথ গাড়ির কেবিনেই আটকে পড়েন এবং দীর্ঘ সময়ের উদ্ধার প্রচেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কাজ না করায় চালককে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া বিপর্যয় মোকাবেলা বাহিনীকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৫ থেকে ৭ ঘণ্টা সময় লেগে যায়।
ঘটনার পর মুখ্যমন্ত্রী ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্তে নির্দেশ দিয়েছেন। এদিম মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেন, “তেলিয়ামুড়ায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কারো গাফিলতির প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনা রাজ্যে জরুরি উদ্ধার ব্যবস্থাপনার পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ঘটনার পর সামাজিক মাধ্যমে বিপর্যয় মোকাবেলার বাহিনীর ক্ষমতা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশাসনের অবহেলা নিয়েও অভিযোগ তুলেছেন নাগরিকরা। ঘটনার পর তেলিয়ামুড়া মহকুমা শাসক ঘটনাস্থলে পথ হলেও কার্যকরী ভূমিকা নেননি বলেও অভিযোগ। স্থানীয়দের মতে, সময়মতো কার্যকর উদ্ধারযন্ত্র ও দক্ষ দমকলকর্মী থাকলে চালককে হয়তো বাঁচানো যেত।