আগরতলা, ৭ আগস্ট, ২০২৫ঃ
রাজ্যের প্রশাসনিক কার্যক্রম আরও জনমুখী করে তোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার সচিবালয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে তিনি রাজ্যের নানা সমস্যা ও তা সমাধানের দিকনির্দেশ দেন। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সব জেলার জেলাশাসক, বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তা।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার পাশে বাজার বসার ফলে একদিকে যেমন ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, তেমনি পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে। এই সমস্যা রুখতে শুরু থেকেই নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, রাস্তা দিয়ে ভিআইপি চলাচলের সময় ট্রাফিক ব্যবস্থা যেন সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই করা হয়।
রাজ্যের প্রশাসনিক কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, জেলা ও মহকুমায় কর্মরত সমস্ত কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।
আগরতলা পুরনিগম এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌন্দর্যায়ন রক্ষার জন্য টাস্ক ফোর্সের সংখ্যা বৃদ্ধির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের সুবিধা নিশ্চিত করতে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রশাসন আইন অনুযায়ী চলবে এবং সমস্যা সমাধানে কোনোরকম বাধা মানা হবে না।
সভায় গাঁজা চাষ, বিক্রি ও পাচার রুখতে জিরো টলারেন্স নীতি মেনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি রাজ্যের রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, যানজট, আইন-শৃঙ্খলা এবং ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বিশদে আলোচনা হয়।