আগরতলা, ৬ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরার জাতীয় সড়কগুলির দুরবস্থা নিয়ে ১০ আগস্ট রাজ্য সফরে আসছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএইচআইডিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ কুমার। রাজ্যের জাতীয় সড়ক করি বেহাল অবস্থা জানিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়িকে ১০ মে একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার প্রেক্ষিতে পরিস্থিতি মূল্যায়নে আগরতলায় আসছেন জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণ কুমার।
আগামী ১০ আগস্ট তাঁর সফরের সময় রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ ও মেরামতের কাজ সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। বিশেষভাবে নজর দেওয়া হবে কামালপুর থেকে খোয়াই পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কটির ওপর, যার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত করুণ। এই বিকল্প রুটটি ত্রিপুরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এখনও পর্যন্ত তা অবহেলিত থেকে গেছে।
মুখ্যমন্ত্রীর চিঠির ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী গড়কড়ি ২২ জুলাই এক লিখিত চিঠিতে জানান যে, সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউ এর একটি প্রতিনিধি দল ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত রাস্তা পরিদর্শন করেছে। এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট ১৫ আগস্টের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিরণ গিট্টে, গণপূর্ত দপ্তরের সচিবকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।