আগরতলা, ১৪ আগস্ট, ২০২৫ঃ
আগরতলায় অনুষ্ঠিত হতে চলছে ডাক বিভাগের ডাকটিকিট প্রদর্শনী “ট্রাইপেক্স-২০২৫”।
আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রদর্শনী। ডাক বিভাগের শিলংস্থিত উত্তর-পূর্ব সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এবং আগরতলায় উত্তর-পূর্ব-১ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেলের উদ্যোগে এই প্রদর্শনীতে ডাকটিকিটের সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকটিকিট সংগ্রহ শুধু শখ নয়, বরং এটি জাতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রাইপেক্স-২০২৫ শিক্ষার্থী, শিক্ষক এবং সব বয়সের মানুষের মধ্যে ডাকটিকিটের প্রতি আগ্রহ ও মূল্যায়ন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেছেন, এই প্রদর্শনী ডাক বিভাগের উত্তর-পূর্ব সার্কেলের ডাকটিকিট সংগ্রাহকদের একত্রিত করবে এবং বন্ধুত্ব, জ্ঞান বিনিময় ও ডাক ঐতিহ্যের প্রতি গভীর উপলব্ধি তৈরি করবে। ডাক বিভাগের আগরতলা পোস্টাল ডিভিশনের সুপারিনটেনডেন্ট মানিক লাল দাস এ তথ্য জানিয়েছেন।