আগরতলা, ১৪ আগস্ট, ২০২৫ঃ
পঞ্চাশ বছর পূর্তি করতে চলছে আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। এই উপলক্ষে পাঁচ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করতে চলছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি কলেজের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে কলেজ চত্বরে স্থাপন করা হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি। আগামী ১৮ থেকে ২২ আগস্ট পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
১৯৬৯ সালের ১৯ আগস্ট ‘বীর বিক্রম ইভনিং কলেজ’ নামে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সন্ধ্যাকালীন কলেজে দিনের বেলায় পড়াশোনার সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা বিকেল ৩টা থেকে রাত ৮-৯টা পর্যন্ত পড়াশোনা করতেন। প্রথম বর্ষে প্রায় ৩০০ জন ছাত্র মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে ভর্তি হন এবং প্রথম অধ্যক্ষ ছিলেন ড. এসবি গুপ্ত।
২০০২ সালের ২৬ ডিসেম্বর কলেজটি কলেজ টিলা এলাকায় স্থানান্তরিত হয়ে প্রাক্তন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভবনে কার্যক্রম শুরু করে। তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বীর বিক্রম মেমোরিয়াল কলেজ’।
সোনালি জয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ১৮ আগস্ট বিভাগ ও শাখাভিত্তিক শোভাযাত্রা, ১৯ আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা, ২০ আগস্ট ক্রীড়া প্রতিযোগিতা, ২১ আগস্ট রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২২ আগস্ট নবীনবরণ।