আগরতলা, ১৪ আগস্ট ২০২৫ঃ
আগরতলায় পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব-১ এর কার্যালয়ে আগামী ১৭ সেপ্টেম্বর আঞ্চলিক স্তরের বিভিন্ন ডাক আদালত অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টা থেকে শুরু হবে স্টাফ আদালত, দুপুর ১২টা থেকে পেনশন আদালত, দুপুর ১টা থেকে জিডিএস আদালত এবং বিকেল ৩টা থেকে বসবে ডাক আদালত।
ডাক আদালত মূলত ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধান করবে, আর স্টাফ, পেনশন ও জিডিএস আদালত শুধুমাত্র বিভাগীয় কর্মীদের বিষয়গুলি বিচার করবে। লিখিত অভিযোগ পাঠাতে হবে পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব অঞ্চল, আগরতলা – ৭৯৯০০১ এই ঠিকানায় সাধারণ ডাক বা স্পিডপোস্টের মাধ্যমে।
অভিযোগপত্রে অবশ্যই পূর্ণাঙ্গ ঠিকানা, রেজিস্ট্রেশন রসিদ নম্বরসহ বিস্তারিত বিবরণ থাকতে হবে। সঞ্চয় প্রকল্প ও ডাক জীবন বীমা সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর ও সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক। অভিযোগপত্র ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার মধ্যে উল্লিখিত ঠিকানায় পৌঁছতে হবে। নির্দিষ্ট সময়ের পরে প্রাপ্ত অভিযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
অভিযোগ ই-মেইলেও পাঠানো যাবে এই ঠিকানায়: [email protected]। এই তথ্য আগরতলায় পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব-১ কার্যালয়ের সহকারী পরিচালক জানিয়েছেন।