আগরতলা, ১৭ আগস্ট, ২০২৫ঃ
পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমার লেফুঙ্গা থানাধীন কলাপানিয়া এলাকায় রাবার বাগান থেকে এক অজ্ঞাত ড্রোন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রোববার সকালে স্থানীয় যুবক আকাশ দেববর্মা বাগানে কাজ করতে গিয়ে ড্রোনটি পড়ে থাকতে দেখে প্রথমে হতবাক হয়ে যান। পরে তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ ও লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, উদ্ধার হওয়া যন্ত্রটি একটি সাধারণ বাণিজ্যিক ড্রোন। ড্রোনটি তদন্তের স্বার্থে পুলিশ হাজতে নিয়েছে।
উল্লেখ্য, কলাপানিয়া এলাকা বাংলাদেশ সীমান্তের খুব কাছেই অবস্থিত। লেম্বুছড়া থানা এলাকা থেকে বামুটিয়া সীমান্ত আউটপোস্টের দূরত্ব মাত্র সাড়ে আট কিলোমিটার। এই কারণে সীমান্তবর্তী এলাকায় ড্রোন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্ত অঞ্চলে একাধিকবার ড্রোন ওড়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিও এমন ঘটনার প্রতি সতর্ক রয়েছে। পুলিশ ইতিমধ্যেই উদ্ধার হওয়া ড্রোনটির উড়ান সীমা, রেকর্ডকৃত ভিডিও এবং সম্ভাব্য উৎস খতিয়ে দেখছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ছড়ালেও পুলিশ প্রশাসন জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সীমান্ত সংলগ্ন অঞ্চলে যেকোনো অস্বাভাবিক কার্যকলাপ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।