আগরতলা, সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার অন্যতম ৫১ শক্তিপীঠের একটি ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ থেকে চালু হলো অনলাইন পূজার ব্যবস্থা। দেশের যেকোনও প্রান্তে কিংবা বিদেশে বসে এখন ভক্তরা অনলাইনের মাধ্যমে মাতৃপীঠে দেবীর আরাধনা করতে পারবেন।
মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভক্তরা নিজেদের ইচ্ছেমতো পূজা অর্চনার নিবেদন করতে পারবেন।
এই পরিষেবার শুভ সূচনা করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেন, “দেশ-বিদেশে থাকা ভক্তদের জন্য এ এক যুগান্তকারী উদ্যোগ। দেশের প্রায় সব বড় মন্দিরেই অনলাইন পূজার সুবিধা রয়েছে, এবার থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরেও সেই ব্যবস্থা চালু হলো।”
এদিকে মাতারবাড়িতে আগত দর্শনার্থীরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দূর-দূরান্তে থাকা ভক্তদের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।