আগরতলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার মেলাঘের ঐতিহ্যমণ্ডিত রুদ্রসাগরে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালীন রবিবার নৌকা ডুবে প্রাণ হারান রাখি দাস নামে এক মহিলা। এই দুর্ঘটনার ফলে প্রতিযোগিতা ও উৎসবের আনন্দ মাটি হয়ে যায় এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রসাগরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা রাখি দাস পারিবারিক নৌকায় চড়ে নৌকাবাইচ দেখার জন্য এসেছিলেন। প্রতিযোগিতা চলাকালীন নৌকাটি মাঝের জলে উল্টে যায়। নৌকায় থাকা ৪-৫ জন যাত্রী ছিটকে পড়েন। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। অপর এক যুবকও উদ্ধার করা হয়।
ঘটনার কারণে সংশ্লিষ্ট এলাকায় প্রশ্ন উঠেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কার্যকারিতা ও দক্ষতা নিয়ে। শোকাহত এলাকাবাসী এ দুর্ঘটনার পর নৌকাবাইচ প্রতিযোগিতার আনন্দ হারিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন।