আগরতলা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ঃ
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন প্রখর ব্যক্তিত্বের অধিকারী এবং দেশের মানুষের কল্যাণে নিবেদিত। তিনি একাত্ম মানবতাবাদের প্রবক্তা ছিলেন, যেখানে প্রত্যেককে অন্যের পরিপূরক হিসেবে দেখতে শেখানো হয়। ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কমিউনিজম ও সোশ্যালিজমের মতো মতবাদ মানুষে বিভেদ সৃষ্টি করে, তাই দেশের উন্নতি সম্ভব নয়। আমাদের পণ্ডিত দীনদয়ালের দর্শন অনুযায়ী এগিয়ে যেতে হবে।”
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সরকার প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজ্য সরকারের ‘প্রতি ঘরে সুশাসন’ কর্মসূচি এসব সুবিধা পৌঁছে দিতে সহায়ক। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে জিএসটি এর হার সংশোধন করা হয়েছে এবং বর্তমানে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিডিপি ও মাথাপিছু আয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
অনুষ্ঠানে মরণোত্তর দীনদয়াল উপাধ্যায় জাতীয় সংহতি পুরস্কার প্রদান করা হয় স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তকে, যা তার কন্যা স্বপ্না দাশগুপ্ত ও পুত্র শুভেন্দু দাশগুপ্ত গ্রহণ করেন। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শনভিত্তিক একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।