আগরতলা, ৪ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার ঐতিহ্যবাহী নীরমহল অবশেষে এক সপ্তাহ পর পুনরায় খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। রুদ্রসাগর হ্রদের বুকে অবস্থিত এই “লেক প্যালেস” আগুন লাগার ঘটনা এবং তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফ এর আন্দোলনের কারণে গত সপ্তাহজুড়ে বন্ধ ছিল।
গত সপ্তাহে দুষ্কৃতীদের হাতে নীরমহলের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দুর্গাপূজা উৎসবের আগে এই ঘটনায় ঐতিহ্যপ্রেমী ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ওয়াইটিএফ প্রধান গেট তালাবদ্ধ করে মেলাঘর থানায় স্মারকলিপি জমা দেয় এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তোলে। তবে এখনো পর্যন্ত তদন্তের রিপোর্ট প্রকাশিত হয়নি, কোনো গ্রেপ্তারও হয়নি।
ঘটনার পর প্রশাসন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়। তবে মুখ্যমন্ত্রী মানিক সাহার সরাসরি হস্তক্ষেপে শুক্রবার থেকে নীরমহল পুনরায় খুলে দেওয়া হয়েছে, ফলে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, এই ঘটনার পেছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে। অন্যদিকে, বিরোধী দল এবং ঐতিহ্য রক্ষা সংগঠনগুলো ওয়াইটিএফ-এর তালাবন্দি পদক্ষেপকে “অবৈধ” ও “ক্ষমতার বাইরে” বলে সমালোচনা করেছে। তাদের দাবি, নীরমহল পরিচালনা ও সুরক্ষার দায়িত্ব কেবলমাত্র রাজ্য সরকার ও ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশনের হাতে।
ঐতিহাসিক নীরমহল পুনরায় খোলার ফলে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।