আগরতলা, ৫ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরায় রাজ্যে প্রাথমিক স্তরে স্বাস্থ্যপরিকাঠামোর ঘাটতি ও এন্টি স্নেক ভেনাম ওষুধের অভাবে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বাড়ছে — এমনই মারাত্মক অভিযোগ তুলেছে ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ। সংগঠনের দাবি, সচেতনতা বাড়লেও সরকারি উদাসীনতা ও নজরদারির অভাবে রাজ্যে সাপের কামড়ে মৃত্যু ঠেকানো যাচ্ছে না।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত কুমার রায় রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, চলতি বছরে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় সাপের কামড়ে অন্তত দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। অথচ নিয়ম অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতাল পর্যন্ত সর্বত্র এন্টি স্নেক ভেনাম ওষুধ মজুদ থাকা এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী থাকার কথা। কিন্তু বর্তমানে জেলা স্তরের হাসপাতাল গুলিতেও এই জরুরি ওষুধের ঘাটতি প্রকট হয়ে উঠেছে।
সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয়েছে, ২০১০ সালে আগরতলা জিবিপি হাসপাতালে সাপের কামড়ে মৃত্যুর পর রাজ্যজুড়ে এন্টি স্নেক ভেনাম সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের দাবি তোলা হয়েছিল। সেই সময় কিছু পদক্ষেপ নেওয়া হলেও, এখন সেই নজরদারি সম্পূর্ণরূপে শিথিল হয়ে পড়েছে।
ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চের দাবি, সারা রাজ্যের প্রাথমিক স্তর পর্যন্ত হাসপাতালগুলিতে দ্রুত এন্টি স্নেক ভেনাম ওষুধ মজুদ করা হোক এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পুনরায় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রতিরোধযোগ্য মৃত্যু আর না ঘটে।