আগরতলা, ৫ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যসহ সারা দেশে নারী সুরক্ষা ও সামাজিক অবস্থান দিন দিন অবনতির দিকে যাচ্ছে — এমনই গুরুতর অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর ৭৫ বছর বর্ষ উপলক্ষে নারী সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকার যে প্রচার চালাচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।’’
কংগ্রেসের দাবি, কেন্দ্র সরকারের নীতি আয়োগ এবং আরবিআই-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের ৫৭ শতাংশ মহিলা ও ৫২ শতাংশ শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত। ত্রিপুরার পরিস্থিতি আরও ভয়াবহ — রাজ্যে ৬৬ শতাংশ মহিলা ও ৬২ শতাংশ শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। এই অভাব ও দারিদ্র্যের জেরে সম্প্রতি গোমতি জেলার করবুক মহকুমায় এক আদিবাসী মাকে তিন মাসের কন্যা সন্তান বিক্রি করতে বাধ্য হতে হয়েছে বলে অভিযোগ।
প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে শিশু থেকে বৃদ্ধা— কোনো মহিলাই নিরাপদ নন। কাকরাবনে যুবতী গৃহবধূকে পুড়িয়ে খুন, আগরতলার জয়নগরে নাবালিকা ধর্ষণ, এবং নাতির হাতে আশি বছরের বৃদ্ধা খুনের ঘটনাগুলি রাজ্যের আইনশৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
তিনি আরও জানান, শুধু সেপ্টেম্বর মাসেই রাজ্যে ৯ জন মহিলাকে খুন করা হয়েছে, ৩৬টি অস্বাভাবিক মৃত্যু ও ৪টি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, এসব ক্ষেত্রে অভিযুক্তরা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে।
ঘটনাগুলির প্রেক্ষিতে কংগ্রেস মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অবিলম্বে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে। পাশাপাশি মহিলা সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।