আগরতলা, ৬ অক্টোবর, ২০২৫ঃ
টিটিএএডিসি এর ৩৭টি বিল আটকে রেখেছে রাজ্য সরকার। রাজ্যপালের অনুমতির অপেক্ষায় গত ৮ থেকে ১০ বছর যাবৎ বিলগুলি আটকে রয়েছে। বিলগুলি পাশের দাবিতে সুপ্রিম কোর্টের দায়িত্ব হতে চলছে টিটিএএডিসি এর প্রধান শাসক দল তিপ্রামথা।
দলের বিধায়ক রণজিৎ দেববর্মা জানান, “টিটিএএডিসি-র ৩৭টি বিল রাজ্য সরকারের কাছে আটকে আছে। এর মধ্যে অনেক বিল ৮ থেকে ১০ বছর ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব বিলের মধ্যে উপজাতি সম্প্রদায়ের প্রথাগত আইন এবং ভূমির মালিকানা হস্তান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধান রয়েছে।”
তিনি আরও জানান, দলটি এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার নয়াদিল্লিতে পৌঁছে সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
রণজিৎ দেববর্মা বলেন, “আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইব। আমরা জানতে চাই, সরকার বা রাজ্যপাল আদৌ আমাদের অধিকার দিতে আগ্রহী কি না।”