আগরতলা, ৬ অক্টোবর, ২০২৫ঃ
লাদাখের গণ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা পিপলস পার্টি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ২৬ সেপ্টেম্বরে লাদাখে রাজ্যের পূর্ণ রাজ্যত্বের দাবিতে চলা আন্দোলনের প্রেক্ষিতে ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী গ্রেপ্তার করে জোধপুর জেলে পাঠানো হয়েছে। অভিযোগ, খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষাবিদ, পরিবেশবিদ সোনম ওয়াংচুক, নাকি উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উত্তেজিত করেছিলেন।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা পিপলস পার্টি দাবি জানায়— “খ্যাতনামা বিজ্ঞানী, শিক্ষাবিদ ও পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং লাদাখবাসীর গণতান্ত্রিক দাবিগুলো কেন্দ্র সরকারকে মেনে নিতে হবে।”
বিক্ষোভকারীরা “লাদাখের জনগণের প্রতি বিজেপি তথা কেন্দ্র সরকারের বিশ্বাসঘাতকতা মানি না” স্লোগানে মুখরিত করে তোলেন রবীন্দ্র ভবনের সামনের এলাকা। দলটির নেতৃত্ব জানিয়েছেন, এই আন্দোলন গণতন্ত্র ও পরিবেশের পক্ষে এক ন্যায়সঙ্গত লড়াই, যা দেশজুড়ে আরও জোরদার হবে।