আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫ঃ
“ত্রিপুরার প্রতিটি নাগরিকই একজন গর্বিত ভারতবাসী — আমাদের মহান দেশের অন্য কোনো নাগরিকের চেয়ে আমরা কোনো অংশে কম নই। কিন্তু আজও আমাদের বহু মানুষের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষা অধরা রয়ে গেছে।”
ত্রিপুরার ভারত প্রজাতন্ত্রের সঙ্গে অন্তর্ভুক্তির ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার করবুক মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে একথা বলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রদ্যোত দেববর্মা বলেন, “আজ আমি করবুকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দিয়েছি, যেখানে আমাদের ভূমি ও মানুষের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে। এখনই সময় এসেছে ভারতের সরকার যেন আমাদের দাবিগুলির প্রতি মনোযোগ দেয় এবং আমাদের আগামী প্রজন্মের বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।”
প্রদ্যোত কিশোর অনুষ্ঠানে ত্রিপুরার আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষার বিষয়ে জোর দেন।
তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে আহ্বান জানান, রাজ্যের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।