আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে রাজ্যের চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করে, একাধিক বিষয়ে সহযোগিতার আবেদন করেছেন। এরমধ্যে, এনএফএসএ প্রকল্পের আওতায় ব্রু-রিয়াং সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা, গণবণ্টন ব্যবস্থার আওতায় গমের বরাদ্দ বৃদ্ধি, ত্রিপুরায় রেলপথের ডাবল লেন নির্মাণ, আগরতলা থেকে গৌহাটি পর্যন্ত বন্দে ভারত ট্রেন পরিষেবা শুরু করা,
বহিঃসহায়তা প্রাপ্ত প্রকল্পগুলির সীমা বৃদ্ধি,
রাজ্যে আরও ১৫টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপন, আগর বোর্ড ও গবেষণা কেন্দ্র গঠন, এবং উনকোটি ঐতিহ্যবাহী স্থানের টেকসই উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে “বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত” গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এই সাক্ষাৎ রাজ্যের অবকাঠামোগত, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।