আগরতলা, ১৬ অক্টোবর, ২০২৫ঃ
৩০ বছর পর আবার শুরু হতে চলছে আগরতলা-শিলচর বিমান পরিষেবা। আগামী ২৮ অক্টোবর থেকে ইন্ডিগো এয়ারলাইনস আগরতলা-শিলচর রুটে যাত্রীবাহী বিমান পরিষেবা চালু করতে যাচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই পরিষেবা চালু হওয়ায় দুই রাজ্যের যাত্রীদের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ইন্ডিগো সংস্থা জানিয়েছে, ১৮০ আসনের এয়ারবাস এই রুটে সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার, এই দুদিন চলবে। আগরতলা থেকে বিমানটি বেলা ১টা ৪০ মিনিটে রওনা হয়ে ২টা ১৫ মিনিটে শিলচরে পৌঁছবে। ফিরতি ফ্লাইটটি ২টা ৪৫ মিনিটে শিলচর থেকে ছেড়ে ৩টা ৪০ মিনিটে আগরতলায় নামবে। টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং ভাড়া শুরু হয়েছে ২৪০০ টাকা থেকে।
আগরতলা যাওয়ার আগে বিমানটি সরাসরি বেঙ্গালুরু থেকে শিলচর আসবে এবং শিলচর থেকে আগরতলা পৌঁছে আবার বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে।
শেষবার নব্বইয়ের দশকে ইন্ডিয়ান এয়ারলাইন্স এই রুটে বিমান চালাত। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আগরতলা-শিলচর যাতায়াতের ক্ষেত্রে মানুষকে সড়কপথ ও রেলপথের উপর নির্ভর করতে হত, যা সময়সাপেক্ষ ছিল। নতুন ফ্লাইট চালু হলে অল্প সময়েই যাত্রা সম্পন্ন করা সম্ভব হবে।
এছাড়াও, ইন্ডিগো আগামী ২৬ অক্টোবর থেকে আগরতলা-আমেদাবাদ রুটেও বিমান পরিষেবা চালু করছে। প্রতিদিন ১৮০ আসনের এয়ারবাস কলকাতা হয়ে আগরতলা আসবে ও একই পথে ফিরে যাবে।