আগরতলা, ১৭ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরা সরকারের কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধি ও কল্যাণে রাজ্য সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে এক গুরুত্বপূর্ণ মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার রাজ্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষে অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং এসবিআই-এর পক্ষে ডিজিএম অজিত কুমার পোদ্দার এই মউ-এ স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এসবিআই এর বিশেষ স্যালারি প্যাকেজ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে, ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট এসবিআই রিশতে, হেলথ ইনসুরেন্স, পার্সোনাল ও এয়ার অ্যাক্সিডেন্টাল ইনসুরেন্স, এবং আকর্ষণীয় শর্তে হোম লোন ও কার লোন সুবিধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, সাধারণ প্রশাসন দপ্তরের যুগ্ম সচিব অসীম সাহা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুয়াহাটি সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার প্রভাস বোস, জেনারেল ম্যানেজার অমরেশ কুমার ঝা, উত্তর আগরতলা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার তমাল কিশোর দেববর্মা, দক্ষিণ আগরতলা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার দেবাশীষ দাস এবং রিসোর্স অফিসার সমীর চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
এই মউ এর ফলে ত্রিপুরা সরকারের কর্মচারীরা একাধিক আর্থিক ও বিমা সংক্রান্ত সুবিধা এক ছাতার নিচে পাবেন বলে আশা করা হচ্ছে।