আগরতলা, ১৮ অক্টোবর, ২০২৫ঃ
যান্ত্রিক ত্রুটির কারণে আগামী দশ দিনের জন্য বন্ধ থাকছে ত্রিপুরার শারদীয়া স্পেশাল ডেমু ট্রেন পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকালের ধর্মনগর-আগরতলা এবং দুপুরের আগরতলা-সাব্রুম রুটের ডেমু ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।
আগরতলা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ডেমু ট্রেন পরিষেবা বন্ধ থাকলেও রাজ্যের অন্যান্য ট্রেন পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী চালু থাকবে। তবে, দীপাবলি উৎসবের আগে এই গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম অসুবিধা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতি বছর শারদীয়া ও দীপাবলি উৎসবের সময় যাত্রীচাপ বেড়ে যাওয়ায় রেল কর্তৃপক্ষ সাধারণত স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে থাকে। কিন্তু, চলতি বছরে এখনো পর্যন্ত তেমন কোনো বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়নি। ফলে, উৎসবের মরসুমে সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এদিকে, দীপাবলি উপলক্ষে রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ আয়োজনের খবর পাওয়া গেছে। উৎসবের দু-একদিন আগে থেকেই ট্রেনে যাত্রীচাপ বাড়তে শুরু করবে বলে ধারণা রেল কর্তৃপক্ষের।