আগরতলা, ২০ অক্টোবর, ২০২৫ঃ
আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ত্রিপুরা রাজ্য থেকে পাঠানো হচ্ছে টিএসআর জওয়ানদের। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ত্রিপুরা স্টেট রাইফেলস, টিএসআর এর পাঁচটি কোম্পানি এই নির্বাচনে দায়িত্ব পালন করবে।
টিএসআরের সপ্তম ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট জ্যোতিষ্মান দাসচৌধুরীর নেতৃত্বে বাহিনীর সদস্যরা দেওয়ালির পর ট্রেনে চেপে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছে টিএসআর। প্রত্যেক ক্ষেত্রেই তারা প্রশংসা ও সুনাম অর্জন করেছে। গতবছর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে টিএসআরের ছয়টি কোম্পানি দায়িত্ব পালন করেছে। এছাড়া, টিএসআর সূত্রে প্রায় ২০ কোম্পানিকে ইতিমধ্যেই ওড়িশা ও বিহারে ভোটভিত্তিক দায়িত্বে মোতায়েনের কথা বিবেচনায় নেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই আবারও বিহার নির্বাচনে নিরাপত্তা বাহিনী হিসেবে তাদের ওপর আস্থা রাখল কেন্দ্র।
দুই দফায় অনুষ্ঠিত হবে বিহার বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট হবে আগামী ৬ নভেম্বর ১২১টি কেন্দ্রে, এবং দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর ১২২টি আসনে। ভোটগণনা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।