আগরতলা, ২৪ অক্টোবর, ২০২৫ঃ
একটি চারা গাছ যেমন যত্ন ছাড়া বড় করা যায় না, তেমনি একটি শিশুর পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সঠিক যত্ন, পুষ্টি ও শিক্ষা— মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। শুক্রবার রাজ্যভিত্তিক “সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৮.০”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের সুস্থ বিকাশই দেশের ভবিষ্যতের ভিত্তি।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সার্বিক বিকাশের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অন্যতম স্তম্ভ হল শিশু ও কিশোর-কিশোরীদের উপযুক্ত স্বাস্থ্য। আমাদের আগামী প্রজন্ম যদি সুস্থ না থাকে তবে রাজ্য ও দেশের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে।”
মুখ্যমন্ত্রী ভিটামিন-এ-এর অভাবজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন-এ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ ও সুস্থ জীবনধারা সম্পর্কে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অল্প বয়সে বিবাহ ও মাতৃত্ব মেয়েদের স্বাস্থ্য ও মানসিক বিকাশের পথে বড় বাধা, তাই পরিবার ও সমাজকে এ বিষয়ে বিশেষ দায়িত্ব নিতে হবে।
ডা. সাহা বলেন, “এই অভিযান কেবল একটি স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ ত্রিপুরা গড়ার মিশন। এই মিশন সফল করতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে— পরিবার, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসন সবাইকে।”
তিনি আরও জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় শিশু ও মাতৃস্বাস্থ্যের ক্ষেত্রে রাজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।