আগরতলা, ২৫ অক্টোবর, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় মাখ রাত পর্যন্ত চলতে থাকা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন থানার ওসি। শুক্রবার গভীর রাতে বিলোনিয়া থানার ওসি ক্লাব কর্তাদের হাতে বেধড়ক মার খাওয়ায় রাজ্যজুড়ে পুলিশের ভূমিকা নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব একটি সাংস্কৃতিক জলসার আয়োজন করে। মাঝরাত পেরিয়ে উচ্চস্বরে মাইক বাজতে থাকায় বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শব্দ নিয়ন্ত্রণে নির্দেশ দেয়। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ক্লাব কর্তারা ওসি-কে মঞ্চ থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। উপস্থিত পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানদের সামনেই ঘটে এই ঘটনা।
ঘটনাস্থলে পরে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক ও অতিরিক্ত পুলিশ সুপার। তবে ততক্ষণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ওরিয়েন্টাল ক্লাবকর্তাদের কাছে ধমক শুনতে হয়েছে।
শনিবার সকালে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে বিলোনিয়া থানার পুলিশ। গ্রেফতারদের হয়েছেন ক্লাব সম্পাদক অলক বণিক, পূজা কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস, সভাপতি শ্রীবাস সেন, ক্লাব সদস্য সুব্রত দেবনাথ, লিটন দেবনাথ, আদিত্য দত্ত ও লিটন হাজারি।