আগরতলা, ২৭ অক্টোবর ২০২৫ঃ
“ত্রিপুরার পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পর্যটনকে কেন্দ্র করে রাজ্যে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির বিরাট সম্ভাবনা রয়েছে।”
সোমবার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের ভার্চুয়াল বৈঠকে একথা বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন আগরতলার ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি পর্যটন অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা এবং আতিথেয়তা সুনিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত থেকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে চেয়ারম্যান করে উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্য বিকাশে যে খসড়া প্রতিবেদন তৈরি হয়েছিল, তারই রূপরেখা অনুসারে পর্যটন শিল্পের বিকাশের পরিকল্পনা তৈরি হয়েছে।” তিনি আরও জানান, রাজ্যগুলিকে কেবল নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশ-বিদেশের পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কাজ করতে হবে।
বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “পর্যটন শিল্প আজ বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসংস্থান বৃদ্ধি ও রাজ্যগুলিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পর্যটনের বিকাশ অপরিহার্য।”