আগরতলা, ২৭ অক্টোবর ২০২৫ঃ
বিএসএফ ইস্টার্ন কমান্ডের স্পেশাল ডাইরেক্টর জেনারেল মহেশ কুমার আগরওয়াল ৩ দিনের সফরে ত্রিপুরায় এসেছেন সোমবার। এদিন আগরতলা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা সীমান্তের আইজি।
বিএসএফ সদর দপ্তরে পৌঁছানোর পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি তাকে সীমান্তের কার্যকরী প্রস্তুতি ও কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করেন।
তিন দিনের এই সফরে তিনি সীমান্তবর্তী বিভিন্ন বিএসএফ ক্যাম্প ও ইউনিট পরিদর্শন করবেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাহিনীর কার্যক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করবেন।
সফরকালে মহেশ কুমার আগরওয়াল রাজ্যের রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যের পুলিশ মহাপরিদর্শক অনুরাগ এবং মুখ্যসচিব জীবন কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে ত্রিপুরার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।