আগরতলা, ৩১ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার নবায়নযোগ্য শক্তি অভিযানে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় এই মর্যাদাপূর্ণ সম্মান আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
রাজ্যের এই অর্জনের পেছনে রয়েছে ত্রিপুরা নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডা’র নিরলস প্রচেষ্টা। ট্রেডা সৌরশক্তি চালিত পাম্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় কৃষকরা এখন দিনে সেচ দিতে পারছেন।
কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, ত্রিপুরা শুধু উত্তর-পূর্বে নয়, পিএম-কুসুম যোজনার কার্যকর বাস্তবায়নে সারাদেশে অন্যতম শীর্ষ রাজ্য হিসেবে উঠে এসেছে। ইতিমধ্যেই রাজ্যে ২,০০০-র বেশি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর মন্ত্রী রতন লাল নাথ বলেন, “এই সম্মান ত্রিপুরার কৃষক, প্রকৌশলী ও কর্মীদের। তাঁদের প্রচেষ্টায় আজ রাজ্য নবায়নযোগ্য শক্তির মানচিত্রে প্রথম সারিতে।” তিনি আরও জানান, রাজ্য সরকার আগামী বছরে আরও বৃহৎ পরিসরে সৌর পাম্প স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যাতে ত্রিপুরার কৃষিক্ষেত্র সম্পূর্ণভাবে টেকসই শক্তিনির্ভর হয়ে ওঠে।