আগরতলা, ৩১ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশে এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রমো ফেস্ট। এবছর এর নামকরণ করা হয়েছে ‘ইউনিটি প্রমো ফেস্ট’, যা রাজ্যের জাতি ও জনজাতি অংশের ঐক্য ও সংহতির প্রতীক। শুক্রবার গীতাঞ্জলি সরকারি অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এবছর রাজ্যের ছয়টি স্থানে দুইদিনব্যাপী করে ইউনিটি প্রমো ফেস্টের আয়োজন করা হয়েছে।
মন্ত্রী বলেন, গতবছর রাজ্যের চারটি স্থানে প্রথমবার প্রমো ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল, যা যথেষ্ট সফল হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবছর উৎসব আরও বড় পরিসরে উদযাপিত হবে। পর্যটনমন্ত্রী জানান, প্রমো ফেস্টকে আকর্ষণীয় করে তুলতে এবছর ফুড ফেস্টিভ্যাল, ফ্যাশন শো, খেলাধুলা এবং স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য যুক্ত করা হয়েছে। ফ্যাশন শোতে রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠী ও বাঙালি সমাজের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শিত হবে। ৮ নভেম্বর নারকেলকুঞ্জে শুরু হবে ইউনিটি প্রমো ফেস্ট।
যেখানে দ্বিতীয় দিনে সাংস্কৃতিক পরিবেশনা করবেন রাজ্যের খ্যাতনামা শিল্পী কৃষ্ণকলি সাহা এবং এলবার্ট কাবো লেপচা। ১৫ ও ১৬ নভেম্বর বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ মাঠে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী পলক মুচ্ছাল। উদয়পুরে ১৯ ও ২০ নভেম্বর সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী পাপন। জম্পুই পাহাড়ে ২৯ ও ৩০ নভেম্বর সাংস্কৃতিক পরিবেশনা করবে মিজোরামের একটি ব্যান্ড। নীরমহলে ৪ ও ৫ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন শিল্পী দেবজিত সাহা। উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে ১২ ডিসেম্বর, যেখানে সংগীত পরিবেশন করবেন শিল্পী জুবিন নটিয়াল।