আগরতলা, ২ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় রেলপথে মাদক পাচারের অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সংগঠনের সভাপতি নীল কমল সাহা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি পাঠিয়ে ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন।
চিঠিতে নিল কমল সাহা অভিযোগ করেছেন যে, ত্রিপুরায় রেল পথকে ব্যবহার করে মাদকদ্রব্য ও নিষিদ্ধ কফ সিরাপ পাচার হয়ে আসছে। তিনি বলেন, রেল পরিষেবা চালু হওয়ায় ত্রিপুরার মানুষ যেমন উন্নয়ন ও কর্মসংস্থানের আশা করেছিল, বাস্তবে তা এখন মাদক পাচারের করিডরে পরিণত হয়েছে।
যুব কংগ্রেসের দাবি, সম্প্রতি জিরানিয়া রেল স্টেশনে দুটি রেল ওয়াগন থেকে নিষিদ্ধ কফ সিরাপ সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ১৫ অক্টোবর ঘটনার পরও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছে যুব কংগ্রেস।
চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, এই মাদক পাচার চক্রের সঙ্গে রেলওয়ে বিভাগের কিছু কর্মকর্তা ও শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে। নীল কমল সাহা অভিযোগ করেছেন যে, রেলমন্ত্রক অপরাধীদের শনাক্ত করতে কিংবা রেলপথে মাদক পাচার রোধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।
তিনি রেলমন্ত্রীর কাছে, মাদক পাচারে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আবেদন জানিয়েছেন।