আগরতলা, ৩ নভেম্বর, ২০২৫ঃ
জিরানিয়া রেলস্টেশনে নিষিদ্ধ কফ সিরাপ এসকাফ উদ্ধার মামলায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স উইং। ধৃতরা হলেন অরুণ কুমার ঘোষ ও হিমাংশু ঝা ওরফে সোনু।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে অরুণ কুমার ঘোষকে এবং দিল্লি থেকে হিমাংশু ঝাকে গ্রেফতার করা হয়েছে। তাদের ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশ। এর আগে রাজীব দাসগুপ্ত নামে এক ব্যক্তিকে আটক করেছিল ক্রাইম ব্রাঞ্চ। ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল তিন।
গত ১৭ অক্টোবর জিরানিয়া রেলওয়ে স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের ওয়াগন থেকে ১,০৭,৮০০ বোতল নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-নারকোটিক্স ইউনিট। তদন্তের সূত্রে ২৩ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে-র নেতৃত্বে ধলেশ্বর দেবেন্দ্র রোডে অবস্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষের বাড়িতে হানা দেয় পুলিশ। সেই অভিযানে ইকোনমিক অফেন্স শাখাও অংশ নেয়। পরবর্তীতে ২৫ অক্টোবর ইচাবাজার এলাকায় প্রবীর দাসের একটি গুদামেও তল্লাশি চালানো হয়।
ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, এই ঘটনায় আরও কয়েকজনের নাম পুলিশের নজরে এসেছে। তদন্ত অব্যাহত রয়েছে।