আগরতলা, ৩ নভেম্বর, ২০২৫ঃ
“রাজ্যের মানুষ যেন আধুনিক, দ্রুত ও সুলভ চিকিৎসা পান, সেই লক্ষ্যে সরকার অবিরাম পরিশ্রম করছে।” সোমবার জিবিপি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, কমিউনিকেটিভ ডিসিজ সেন্টার এবং ২০ শয্যা বিশিষ্ট স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অতীতের তুলনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আজ অনেক উন্নত। তিনি বলেন, “রোগী পরিষেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং পরিকাঠামো যুক্ত হচ্ছে। দেশের স্বনামধন্য চিকিৎসকদের সহযোগিতায় রাজ্যের হাসপাতালগুলো ক্রমেই এগিয়ে যাচ্ছে।”
রাজ্যে গ্যাস্ট্রো, হাঁটু ও হিপ প্রতিস্থাপন, কার্ডিও, রেনাল সার্জারি সহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার এখন স্থানীয় চিকিৎসকরাই সফলভাবে সম্পন্ন করছেন বলে উল্লেখ করেন। জিবিপি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক ইতিমধ্যেই চালু হয়েছে এবং মা ও শিশু স্বাস্থ্য বিভাগ ও টার্শিয়ারি আই কেয়ার হাসপাতাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এজিএমসি ও জিবিপি হাসপাতালের সঙ্গে দিল্লির এইমস এবং লক্ষ্ণৌ-এর এসজিপিজিআই হাসপাতালের ডিজিটাল টেলিমেডিসিন পরিষেবারও আনুষ্ঠানিক সূচনা করেন। পাশাপাশি রোগী ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্যে ইন্টারডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম চালু করা হয়।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক ইতিবাচক পরিবর্তন আসবে এবং রোগীদের আরও কার্যকর চিকিৎসা প্রদান সম্ভব হবে।