আগরতলা, ৩ নভেম্বর, ২০২৫ঃ
তিপ্রামথা যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের ডাকে উত্তর পূর্বাঞ্চলের নেতৃত্বদের নিয়ে আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। এই সমাবেশে ৭ নভেম্বর আয়োজন করার কথা ছিল। কিন্তু পুলিশ ৭ নভেম্বর আস্তাবল বিবেকানন্দ ময়দানে সমাবেশের অনুমতি দেয় নি। ফলে সংগঠনের তরফে সমাবেশের দিনটি পিছিয়ে দেওয়া হয়েছে। এবার ২৮ নভেম্বর, আগরতলা আস্তাবল বিবেকানন্দ ময়দানে আয়োজন করা হয়েছে এই সমাবেশ। আস্তাবল বিবেকানন্দ ময়দানে একই সময়ে একটি আন্তর্জাতিক মেলা চলার কারণে পুলিশ আলাদা করে একটি জনসমাবেশের অনুমতি দেয়নি। পাশাপাশি এই জনসমাবেশের কারণে শহরে বিশৃঙ্খলা ও যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কার কারণ দেখিয়েছিল পুলিশ।
নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। প্রদ্যোত কিশোর জানিয়েছেন, এই সমাবেশে উত্তর-পূর্ব ভারতের, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, অরুণাচলপ্রদেশ, আসাম, মিজোরাম ও সিকিমের আদিবাসী নেতৃত্বরা একত্রিত হবেন। প্রদ্যোত কিশোর বলেন, উপজাতি সমাজের ভবিষ্যৎ সুরক্ষা ও আর্থ-সামাজিক অধিকারের দাবিতে এই মঞ্চ গঠিত হবে।
তিনি আরও জানান, তিপ্রা মথার নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতের আদিবাসী ভিত্তিক রাজনৈতিক দলগুলো একত্র হয়ে একটি যৌথ রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চায়, যার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের ঐক্য তুলে ধরা হবে।