আগরতলা, ৪ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে ৬০টি নতুন গ্রামীণ বাজার নির্মাণের জন্য মোট ১৬০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, জানালেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
তুলাশিখর কৃষি উপ-বিভাগের অধীনে তুলাশিখর প্রাথমিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে নাবার্ডের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল ল প্রকল্পের আর্থিক সহায়তায় রাজ্যে মোট ১৪৪টি বাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মোট ব্যয় ৩০৩ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার টাকা। তিনি তুলনা টেনে বলেন, পূর্ববর্তী সরকারের সাত বছরে বাজার উন্নয়নে মাত্র ২০ কোটি টাকা ব্যয় হয়েছিল।
তিনি জানান, রাজ্যের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিনির্ভর। তাই কৃষকদের আয় বৃদ্ধি এবং খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর নিরলসভাবে কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, ভারতের সামগ্রিক উন্নয়ন কৃষির উন্নয়ন ছাড়া অসম্পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন ভারতকে আধুনিক ও স্থিতিশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের ‘শস্যভাণ্ডার’ হিসেবে গড়ে তোলা।