আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে মঙ্গলবার রাতে সিআইএসএফ জওয়ানরা এক যাত্রীর কাছ থেকে মোট ৭ টি সোনার বিস্কুট উদ্ধার করেন, যার ওজন প্রায় ৭৪০ গ্রাম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের বাসিন্দা সন্দীপ পাওয়ার কলকাতা হয়ে লখনৌ যাওয়ার উদ্দেশ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। সিকিউরিটি লাউঞ্জে তল্লাশির সময় সিআইএসএফ জওয়ানদের সন্দেহ হলে যাত্রীর শরীর পরীক্ষা করা হয়। পরবর্তীতে চিকিৎসকের সহায়তায় তার শরীরের ভেতর থেকে গোপনে লুকিয়ে রাখা সোনার বিস্কুটগুলি উদ্ধার করা হয়।
সিআইএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বাজারমূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা। ধৃত যাত্রী ও তার এক সহযোগীকে উদ্ধার হওয়া সোনাসহ কেন্দ্রীয় শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা এই সোনার বিস্কুট গুলির সূত্রের খোঁজখবর করছে শুল্ক আধিকারিকরা। আগেও একাধিকবার আগরতলা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিআইএসএফ ও শুল্ক দপ্তরের কর্মকর্তারা।