আগরতলা, ১২ নভেম্বর, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার জন্য আগরতলা-সাব্রুম এবং সাব্রুম-আগরতলা আপ-ডাউন ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে এবং লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেন এবং বিকেল ৪টা ২০ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল করতো। কিন্তু গত এক মাস ধরে এই পরিষেবা বারবার বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকেই অভিযোগ করেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
যাত্রীরা প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন ধরে পরিষেবা অনিয়মিত থাকার পরও রেল বিভাগ বা রাজ্যের পরিবহন দপ্তর কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
উল্লেখ্য, আগরতলা-সাব্রুম রেলপথ ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ রুট। বাংলাদেশ সীমান্তবর্তী সাব্রুমে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের এই রুটটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে নিয়মিত ট্রেন বাতিলের কারণে এখন যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকেই দ্রুত পরিষেবা পুনরায় চালুর দাবিতে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।