আগরতলা, ৩০ নভেম্বর, ২০২৫ঃ
আগরতলা বিমানবন্দর থেকে শীতের মরশুমে কুয়াশা সমস্যা এড়াতে সকালের ওড়ানের সময়সূচি পিছিয়ে দিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব ভারতসহ দেশের নানা বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামায় প্রতিবছরই বড় ধরনের সমস্যা দেখা দেয়। এর জেরে বিলম্ব, উড়ান বাতিল এবং যাত্রীদের চরম দুর্ভোগ তৈরি হয়।
এই পরিস্থিতি মাথায় রেখে শনিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঘোষণা করেছে যে আগামী ১ ডিসেম্বর সোমবার থেকে তাদের সকালের আগরতলা-কলকাতা রুটের উড়ান এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে।
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা থেকে আইএক্স ১৫২১ আগে সকাল ৭টা ৫৫ মিনিটে আগরতলার উদ্দেশে রওনা দিত। এবার তা বদলে সকাল ৯টায় উড়বে। আগরতলা পৌঁছে একই বিমান আইএক্স ১৫২২ কলকাতার উদ্দেশে সকাল ১০টা ৩০ মিনিটে রওনা দেবে, যা আগে ছিল সকাল ৯টা ৩০ মিনিট।
উড়ান সূচির এই পরিবর্তনের ফলে ঘন কুয়াশার কারণে ভোরবেলার দৃশ্যমানতার সমস্যা কম হবে বলে অনুমান সংস্থার। যাত্রীদের সুবিধা এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে।