আগরতলা,৩ ডিসেম্বর, ২০২৫ঃ
পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার বাড়ানোর জন্য রাজ্য সরকার কাজ করছে। বুধবার উদয়পুরের খিলপাড়ায় নবনির্মিত সিএনজি স্টেশনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এই স্টেশন চালু হওয়ার ফলে যেমন যান চালকরা উপকৃত হবেন, তেমনি এই স্টেশনের সাহায্যে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পিএনজি সরবরাহ করা যাবে। এই উদ্যোগ গোমতী জেলার তথা সমগ্র রাজ্যের পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, সিএনজি ও পিএনজি আধুনিক বিশ্বে সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি। যানবাহনে সিএনজি ব্যবহারে
কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং গণপরিবহণ আরও পরিবেশবান্ধব হবে। অন্যদিকে পিএনজি গৃহস্থালী রান্নার ক্ষেত্রে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ফলে সাধারণ মানুষের সিলিন্ডারের উপর নির্ভরতা কমবে এবং রান্নাঘরের নিরাপত্তা বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী বলেন, এই স্টেশন চালু হওয়ায় স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের আধুনিক পরিকাঠামো অপরিহার্য। রাজ্য সরকারের দূরদর্শী পরিকল্পনা, সংশ্লিষ্ট দপ্তর, গ্যাস কোম্পানির প্রকৌশলী ও কর্মীদের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এই ধরণের আরও পরিবেশবান্ধব প্রকল্প জেলার উন্নয়নকে আরও গতিশীল করবে।