আগরতলা, ৫ ডিসেম্বর, ২০২৫ঃ
ঊনকোটি জেলার ধর্মনগরের পর এবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সংক্রমণ।
মহকুমায় এখন পর্যন্ত মোট ১৭ জনের দেহে ডেঙ্গুর উপস্থিতি মিলেছে এবং প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে দশদা, লালজুরি ও আনন্দবাজারসহ পুরো জেলায় জ্বরের রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে, বিষয়টি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নজরে আসতেই শুরু হয়েছে বাড়ি বাড়ি পর্যবেক্ষণ ও রক্ত পরীক্ষা।
স্বাস্থ্যকর্মীরা জমে থাকা জল, অপরিচ্ছন্ন পরিবেশ এবং মানুষের অসতর্কতাকেই ডেঙ্গু বিস্তারের মূল কারণ হিসেবে দেখছেন। আক্রান্তরা বাড়িতেই চিকিৎসাধীন এবং স্বাস্থ্য বিভাগ রোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে।
তবে সরকারিভাবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি, ফলে বাড়ছে বিভ্রান্তি।
দশদা স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই নতুন রোগী আসছে এবং রক্ত পরীক্ষার রিপোর্টের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে প্লাটলেটের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় পুনরায় পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে মহকুমা প্রশাসন।