আগরতলা, ৭ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের গল্ফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের ক্যাম্পাসে, টাস্কার বিএসএফ গল্ফ কোর্সে আয়োজিত এই ত্রিপুরা ওপেন গল্ফ টুর্নামেন্ট প্রতিযোগিতা “ভারত গল্ফ মহোৎসব” জিএফআই ট্যুর ২০২৫ এর অংশ হিসেবে হিসেবে আয়োজিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, অল্প সময়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এমন মনোরম গল্ফ কোর্স তৈরি করে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। তিনি বলেন, এই ধরনের জাতীয় ইভেন্ট ত্রিপুরার যুবসমাজকে উদ্বুদ্ধ করবে এবং রাজ্যের পর্যটন শিল্পকে আরও উজ্জীবিত করবে।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই ঐতিহাসিক আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেন, ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশ গল্ফের জন্য উপযোগী এবং এই টুর্নামেন্ট রাজ্যের ক্রীড়া ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে ত্রিপুরার ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী, গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আর্যবীর আর্যা, ত্রিপুরা গল্ফ অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড দেববর্মা।