আগারতলা, ৮ ডিসেম্বর, ২০২৫ঃ
শ্রম কোড বাতিল, প্রকল্পভিত্তিক কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার দাবিতে আগরতলার শ্রম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিআইটিইউ অনুমোদিত মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স ও হেলপারস ইউনিয়ন। কর্মীদের অভিযোগ, প্রকল্পভিত্তিক কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ বাড়ছে অথচ ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না। তাদের দাবি, ২০২৬–২৭ সালের বাজেটে এই প্রকল্পগুলির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, কর্মীদের নিয়মিতকরণের সঙ্গে ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা ধার্য করতে হবে এবং ইএমআই, গ্র্যাচুইটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা আরও জানান, প্রকল্প কর্মীদের জন্য আলাদা সার্ভিস রুল প্রণয়ন জরুরি। নির্ধারিত কাজের বাইরে অঙ্গনওয়াড়ী কর্মীদের অতিরিক্ত দায়িত্ব চাপানো যাবে না। এছাড়া হিমাচল প্রদেশ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মিড-ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন প্রদান বাধ্যতামূলক করারও দাবি তোলেন তারা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে।