আগরতলা, ১০ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা পর্যটনের প্রচারে আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান আগামী ১২ ডিসেম্বর। এদিন আস্তাবল স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সংগীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন গায়ক জুবিন নউটিয়াল।
পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, অনুষ্ঠানে রাজ্যের পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন। এবছর প্রোমো ফেস্টের সঙ্গে ‘ইউনিটি’ শব্দটি যুক্ত করা হয়েছে, যার উদ্দেশ্য রাজ্যে জাতি-জনজাতির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় করা। এই উৎসব ইতিমধ্যেই ত্রিপুরার সংস্কৃতির একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছে।
মন্ত্রী আরও জানান, সমাপ্তি অনুষ্ঠানের দেশের ২৭টি রাজ্য থেকে ১২২ জন ট্যুর অপারেটর এবং থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও মালয়েশিয়ার ট্যুর অপারেটররা উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে ত্রিপুরায় বিদেশি পর্যটকের আগমন আরও বৃদ্ধি পাবে।
রাজ্য পুলিশের আইজি মনচাক ইপ্পার জানান, দর্শকদের প্রবেশের জন্য মোট ৮টি গেট থাকবে এবং নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে।