আগরতলা, ১০ ডিসেম্বর, ২০২৫ঃ
দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা বাসিন্দাদের আর্থ সামাজিক বাস্তবতা, শিক্ষা ও জীবনযাত্রার পর্যালোচনা করতে দুদিনের সাবরুম সফর করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
মঙ্গলবার, রাজ্যপাল প্রথমে লুধুয়ার একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, আবাসন, সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে সরাসরি অবহিত করেন। এরপর তিনি লুধুয়া টি গার্ডেন পরিদর্শন করে চা উৎপাদনের প্রতিটি ধাপ ও কর্মরত সহায়িকা দলের জীবনযাত্রার বিষয়ে খোঁজ নেন। দিনশেষে তিনি সাব্রুম পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের উপজাতি ছাত্রী নিবাসে গিয়ে আবাসিক ছাত্রীদের দাবি অভিযোগ শুনে পরিকাঠামো পর্যালোচনা করেন।
পরের দিন, বুধবার রাজ্যপাল কটবাইশ্বা এডভেঞ্চার পার্কে এলাকার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় খামারি ও কৃষকদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। এছাড়াও তিনি শ্রীনগর সীমান্ত হাট পরিদর্শন করে পুনরুজ্জীবনের সম্ভাবনা খতিয়ে দেখেন এবং বিএসএফ ১২১ নম্বর ব্যাটেলিয়নের করিমাটিলা বিওপিতে পৌঁছে অস্ত্র প্রদর্শন ও বিওপি সংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।
দুইদিনের এই সফর সীমান্ত এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে।