আগরতলা, ১০ ডিসেম্বর, ২০২৫ঃ
প্রতিভা ও সৃজনশীলতায় ত্রিপুরার ছেলেমেয়েরা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কোনও অংশে কম নয়। আগরতলার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিপুরা সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তঃবিদ্যালয় ব্যান্ড প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী বলেন, ব্যান্ড চর্চা শুধুমাত্র সাংস্কৃতিক দক্ষতা বাড়ায় না, বরং ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য্য, দলগত কাজের মানসিকতা গড়ে তোলে এবং ভবিষ্যৎ জীবনে এগিয়ে চলার শক্তি যোগায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতা শুধু পুরস্কার জয়ের বিষয় নয়, বরং এতে অংশগ্রহণ করাই শিক্ষণীয় অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রিপুরায় ২০১৯ সাল থেকে এর আয়োজন করা হচ্ছে। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, খেলাধুলা, সংগীত, ব্যান্ডসহ সৃজনশীল কর্মকাণ্ডে বেশি করে যুক্ত হলে সমাজ আরও অগ্রসর হবে।
এদিনের প্রতিযোগিতায় রাজ্যের ৭টি স্কুল থেকে ১০টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে সেরা দলটি রাঁচিতে অনুষ্ঠিতব্য জোনাল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।