আগরতলা, ১০ ডিসেম্বর, ২০২৫ঃ
মানবাধিকার রক্ষায় আমাদের প্রত্যেককে মননে, আচরণে ও চেতনায় মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং আইনকে সদ্ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ত্রিপুরা মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের চারটি স্তম্ভকে শক্তিশালী করলে মানবাধিকার আইন সঠিকভাবে কার্যকর করা সম্ভব।
এদিনের অনুষ্ঠানের মূল ভাবনা ছিল, ‘মানব অধিকার আমাদের নিত্যদিনের অঙ্গ’। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মসূচি যেমন উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও আয়ুষ্মান ভারতকে উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং বলেন, রাজ্য সরকারও মানবাধিকার সংক্রান্ত লঙ্ঘন প্রতিরোধে সংবেদনশীল ও তৎপর।
অনুষ্ঠানে ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিউজ লেটারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।