আগরতলা, ১১ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে প্রধান বিরোধী দল সিপিআইএম। দলের অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে ভিত্তিহীন ও অপমানজনক মন্তব্য করে বামফ্রন্ট সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
সিপিআইএম পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, গন্ধিগ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে বিপ্লব দেব দাবি করেছিলেন যে, বাম আমলে ত্রিপুরা সুন্দরী মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরি হয়ে নকল সামগ্রী রাখা হত।
এই মন্তব্যকে “মিথ্যা, ভিত্তিহীন ও ধর্মীয় ভাবাবেগ আঘাতকারী” বলে, দল প্রথমে প্রকাশ্য বিবৃতি দিয়ে দেবকে প্রমাণ উপস্থাপন বা নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল। কোনো প্রতিক্রিয়া না পেয়ে পরে আইনি নোটিশ পাঠানো হয়।
কিন্তু সাংসদ দেবের নীরবতার পর সিপিআইএম আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। বিরোধী দলনেতার বক্তব্য, “একজন সাংসদ ইচ্ছাকৃতভাবে সিপিআইএম এর ভাবমূর্তি কলঙ্কিত করতে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রচার চালিয়েছেন। এমন বিদ্বেষমূলক মন্তব্য দল মেনে নিতে পারে না।”
এ কারণে দলের পক্ষে মানহানির মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জিতেন্দ্র চৌধুরী।