আগরতলা, ১২ ডিসেম্বর, ২০২৫ঃ
বিপুল পরিমাণ মাদক সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করল আমবাসা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে আমবাসা নাকা পয়েন্টে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বলেরো গাড়িতে বিপুল পরিমাণ মাদক আগরতলা পাচার করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় আমবাসা থানা পুলিশ। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমবাসা নাকা পয়েন্টে তল্লাশি শুরু করে পুলিশ। সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে বিস্তারিত তল্লাশি চালাতে গিয়ে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ১৩৭ প্যাকেটে ১ কেজি ৮৬২ গ্রাম হেরোইন এবং ১০,০০০ ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত করা মাদক সামগ্রী আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।
ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমবাসা থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইন এবং মোটর ভেহিকেল আইনের আওতায় মামলা করা হয়েছে।
ধলাই জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযানে এটি সাম্প্রতিক সময়ের একটি বড় সাফল্য এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।