আগরতলা, ১৩ ডিসেম্বর ২০২৫ঃ
অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে আগরতলা ও কলকাতার মধ্যে একটি স্পেশাল ট্রেন চালু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। আগামী ১৫ ডিসেম্বর সকাল ৭টা ৩৫ মিনিটে আগরতলা স্টেশন থেকে ০৫৬৫৩ নম্বর স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করবে।
রেল সূত্রে জানা গেছে, আগরতলা ছাড়ার পর এই স্পেশাল ট্রেনটি রাজ্যের অন্য কোনও স্টেশনে থামবে না। আগরতলার পর ট্রেনটির প্রথম স্টপেজ হবে নিউ করিমগঞ্জ। এর ফলে স্পেশাল ট্রেন চালু হলেও যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
যাত্রীদের অভিযোগ, রাজ্যের দূরবর্তী প্রান্তের মানুষদের এই ট্রেনের সুযোগ নিতে হলে আগের দিনই আগরতলা স্টেশনে এসে পৌঁছাতে হবে। বিশেষ করে আমবাসা, কুমারঘাট ও ধর্মনগর স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
উল্লেখ্য, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে আগরতলা সহ বিভিন্ন রুটে মোট পাঁচটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শুক্রবার এই তথ্য জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
যাত্রীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে স্পেশাল ট্রেনগুলিতে রাজ্যের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামার ব্যবস্থা করা হলে যাতায়াত আরও সহজ হবে।